রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার আসামি ওবায়দুলকে নীলফামারীর ডোমার থেকে ঢাকায় আনা হচ্ছে। বুধবার দুপুরে ওবায়দুলকে নিয়ে পুলিশ সদস্যরা রওনা হন।এর আগে ভোর সকালে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
দুপুর ১২টায় ডোমার থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওবায়দুলকে নিয়ে রওনা হন।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ওবায়দুলকে ধরা সম্ভব হয়েছে। তাঁকে ধরতে ডোমারের সোনারায় ও এর আশপাশের বাজারসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকেই অভিযান চালানো হয়। সকালে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।




