চারদিকে শুধু আমরা আহাজারি আর কান্না দেখতে পাই : রিজভী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ , ০২:১৭ পিএম


চারদিকে শুধু আমরা আহাজারি আর কান্না দেখতে পাই : রিজভী
ছবি : সংগৃহীত

চারদিকে শুধু আমরা আহাজারি আর কান্না দেখতে পাই। আজ যদি কেউ লঙ্গরখানা খোলে তাহলে সেখানে দেখা যাবে গরিব মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ নাকি কানাডা-ইউরোপের মতো উন্নত হয়েছে। এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে। কিন্তু আমরা গণমাধ্যমে কী দেখি? মা তার সন্তানকে বিক্রি করতে হাটে নিয়ে গেছেন। চারদিকে ভিক্ষার আওয়াজ, ভাত চাওয়ার আওয়াজ, চাল চাওয়ার আওয়াজ শোনা যায়। শ্রমজীবী মানুষের মাসিক আয় কত যে ৮০ টাকা আলু কিনবে? লেবুর হালি কিনবে ১২০ টাকায়?

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) নয়াপল্টনে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭২ থেকে ৭৫ সালে যেভাবে বাংলাদেশেকে ভিক্ষুকের দেশে পরিণত করা হয়েছিল শেখ হাসিনা দেশকে সে অবস্থায় নিয়ে যেতে চাচ্ছেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ওপর আক্রমণ করছে সরকার। তারা সবকিছুর অনুমতি দিলেও ইফতারের অনুমতি দেয় না। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের ইফতারেও বাধা দেওয়া হচ্ছে। এটা করেছে তাদের প্রভুদের খুশি করতে। টার্গেট করে করে এদেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করছে সরকার।

বিএনপির মুখপাত্র আরও বলেন, সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত ‘অবৈধ’ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। সেটা ২০১৪ হোক, ২০১৮ হোক বা ২০২৪ সালের নির্বাচন হোক। কিন্তু প্রতিবেশী দেশ, যারা নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, তারা একটি দলের হয়ে সারা বিশ্বে ওকালতি করছে। অবৈধ নির্বাচনকে জায়েজ করতে চেষ্টা করছে। তারা বাংলাদেশের জনগণকে সম্মান করে না, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা শুধু চায় বাংলাদেশে একটি দল আজীবন ক্ষমতায় থাকুক আর তাদের তাঁবেদারি করুক।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ফিরোজ আলম, ছাত্রদল নেতা মুশফিক, আশরাফুল আসাদ প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission