বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৫ পিএম


বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে অপরিশোধিত তেলের বাজারদর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩৩ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬২ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। 

আরও পড়ুন

তেলের দাম এই চড়া হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা বাদানুবাদ তেলের বাজারে সরবরাহ ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। 

ইরান ও ওমান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া ১০ দিনের আল্টিমেটাম এবং বিপরীতে ইরানের পাল্টা হামলার হুমকির ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী কোনো কারণে অবরুদ্ধ হলে বিশ্বজুড়ে তেলের তীব্র সংকট দেখা দেবে এবং দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেলের মজুদ কমে যাওয়াও দাম বাড়ার অন্যতম বড় কারণ। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, দেশটির অপরিশোধিত তেলের মজুদ প্রায় ৯০ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে। শীতকালীন বাড়তি চাহিদা এবং শোধনাগারগুলোর উচ্চ ব্যবহারের কারণে মজুদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তেল রফতানি বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে চাহিদার তুলনায় জোগান সংকুচিত হয়ে পড়েছে। সরবরাহ ও চাহিদার এই অসামঞ্জস্যতা তেলের দামকে উর্ধ্বমুখী রাখতে বড় ভূমিকা পালন করছে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission