ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসার সার্বিক চিত্র তুলে ধরেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, আমাদের রক্তে রক্তে চাঁদাবাজি ঢুকে গেছে। ফ্যাক্টরিতে ট্রাক ঢুকতে চাঁদা দিতে হয়, আবার বের হতেও চাঁদা দিতে হয়। পরিস্থিতি এমন যে মানুষ এখন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টের পরও দেশে দুর্নীতি বন্ধ হয়নি; বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। পুলিশ, প্রশাসন ও আয়কর দপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ছড়িয়ে আছে। এসব অনিয়ম বন্ধ না হলে অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, যোগ করেন তিনি।
ডিসিসিআইয়ের পক্ষ থেকে আরও চারটি প্রধান দাবিও জানানো হয়,
সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করা,
ইচ্ছাকৃত নয় এমন খেলাপিদের মূলধন সরবরাহ করে নতুন করে ব্যবসার সুযোগ দেওয়া,
ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা,
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে তা বাতিলের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। পাশাপাশি রপ্তানি বাড়াতে চামড়া, হালকা প্রকৌশলসহ ৩০টি খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের ওপর জোর দেন তিনি। সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
আরটিভি/এসকে





