টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান বিজিএমইএর

আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৪:৪৫ পিএম


টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান বিজিএমইএর
বিজিএমইএর লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

রোববার (২৬ এপ্রিল) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের (সিডিপিএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক কৌশলগত বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে সিডিপিএ’র ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল (সিএনটিএসি) এবং চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও চীনের শীর্ষস্থানীয় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও কেমিকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বৈঠকে সংগঠনের সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক মোহাম্মদ সোহেল অংশগ্রহণ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্র, বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তির আধুনিকায়ন, চীনা বিনিয়োগ এবং সরাসরি শিল্প সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার এবং পোশাক শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির অন্যতম প্রধান উৎস। 

তিনি চীনা উদ্যোক্তাদের ম্যান-মেড ফাইবার (এমএমএফ), সিনথেটিক ফাইবার এবং টেকনিক্যাল টেক্সটাইলসহ উদীয়মান খাতে বিনিয়োগের আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ওভেন কাপড়ের প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলারের বিশাল আমদানি বাজার রয়েছে, যা চীনা বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। যৌথ উদ্যোগ বা এককভাবে এসব খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে শুল্কমুক্ত বাজার সুবিধা গ্রহণের সুযোগও রয়েছে বলে তিনি জানান।

বৈঠকে তিনি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে নিয়মিত টেকনিক্যাল ট্রেনিং এবং নলেজ শেয়ারিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ডিজিটাল প্রিন্টিং, সিনথেটিক ফেব্রিক এবং পরিবেশবান্ধব ডাইং প্রযুক্তি বিষয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া পরিবেশবান্ধব ডাইং কারখানা স্থাপনে চীনের অগ্রসর প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের টেকসই শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।

বৈঠকে চীনা প্রতিনিধিদলকে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রোফাইল ও উৎপাদন সক্ষমতা সংক্রান্ত তথ্য বিজিএমইএ’র কাছে সরবরাহের অনুরোধ জানানো হয়, যাতে তা সদস্যদের মধ্যে প্রচার করা যায় এবং সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপন সহজ হয়।

উল্লেখ্য, ঢাকা সফররত চীনা প্রতিনিধিদল ইতোমধ্যে দেশের বিভিন্ন ডাইং ও প্রিন্টিং কারখানা পরিদর্শন করেছে। 

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission