দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা সমন্বয়ে মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবশেষ বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সমন্বয়ে ২১ ক্যারেট সোনা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) আরও এক দফা সমন্বয়ে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২৩ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৫৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমানো হয়েছে।
আরটিভি/এসকে



