ঈদের আগে দেশের রিজার্ভে সুখবর

আরটিভি নিউজ  

রোববার, ২৪ মে ২০২৬ , ০৮:৩৮ এএম


ঈদের আগে দেশের রিজার্ভে সুখবর
ছবি: সংগৃহীত

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। নতুন করে বেড়ে এখন গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভের এই ইতিবাচক বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, প্রবাসী আয় বা রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ এবং রপ্তানি আয়ের কারণে দেশের রিজার্ভে এই ধারাবাহিক উন্নতি বজায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩ মে পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে।

আরও পড়ুন

এর আগে গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার। আর সেই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র দুদিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ দুই পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবের মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বা লায়াবিলিটি বিয়োগ করে মূলত প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব গণনা করা হয়। আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুসরণ করেই এখন আন্তর্জাতিকভাবে এই প্রকৃত রিজার্ভের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission