বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১০:৩৭ এএম


বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম
বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম।ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির খবরে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হওয়ায় দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে নেমে আসে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কোনো ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দামে যে অতিরিক্ত ঝুঁকি-প্রিমিয়াম যুক্ত হয়েছিল, তা দ্রুত কমে আসছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার রয়টার্সকে বলেন, ব্যবসায়ীরা এখন তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। তবে শান্তিচুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ সংকট কমার প্রত্যাশা জোরালো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission