বিশ্ববাজারে ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে সোনার দাম। বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার পর বিনিয়োগকারীদের সস্তায় সোনা কেনার প্রবণতা শুরু হয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার(৯ জুলাই) স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১৩০ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। অন্যদিকে মার্কিন সোনার ফিউচার (আগস্ট ডেলিভারি) ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ৮০ ডলারে স্থির হয়। বাজার বিশ্লেষকদের মতে, বুধবারের দরপতনের পর বাজারে ক্রেতাদের আগমন এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর নজর রাখার কারণেই এই ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, সংকটের সময়ে সোনা সবসময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণ উপকূলীয় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে মার্কিন হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়, যা তিন সপ্তাহ পুরোনো যুদ্ধবিরতি চুক্তিকে সংকটের মুখে ফেলেছে। এই যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেলে তা মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে বাধ্য করবে। সাধারণত সোনা মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দিলেও সুদের হার বাড়লে সুদবিহীন এই ধাতুর চাহিদা কিছুটা কমে যায়। বর্তমানে সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা।
এদিকে, আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য এবং ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশের কংগ্রেসের সাক্ষ্যের দিকে কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা, যা থেকে ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। এর মধ্যেই বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ২০২৬ এবং ২০২৭ সালের জন্য সোনার গড় দামের পূর্বাভাস কিছুটা কমিয়েছে।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যার মধ্যে স্পট সিলভার বা রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, প্ল্যাটিনাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১,৬১৫ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,২৫৩ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।
আরটিভি/এআর




