বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় এখন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে এক বি-টু-বি (বিজনেস টু বিজনেস) কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ইউরোরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য আমদানি করে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পণ্যের বৈচিত্র্য ও গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন। মাতারবাড়ীতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এ ছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে।
কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরীসহ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। কর্মশালার শেষ পর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রযুক্তি, পণ্য ও সেবার নানা দিক উপস্থাপন করে।
আরটিভি/এআর




