আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। তেলের দাম কমে আসা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে সোনার বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়ায় দাম এক শতাংশের বেশি বেড়েছে। ফলে গত জানুয়ারির পর সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে মূল্যবান এ ধাতু।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়ায়। চলতি সপ্তাহে সোনার দাম মোট ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ কমিয়েছে। এর ফলে সোনার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং দাম বেড়েছে।
অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান মারেক্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্ট মাসজুড়ে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী। তাদের মতে, আগামী দিনগুলোতে মূল্যবান এই ধাতুর লেনদেনের পরিসর আরও বাড়তে পারে।
শুধু সোনাই নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৮ ডলারে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারেও সোনার দাম উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
আরটিভি/এসকে




