ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ঢাবি অধিভুক্ত অনার্সের চলমান সকল শিক্ষাবর্ষের অন্তভূ্ক্তসহ ৩ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ। এ সময় তারা উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানায়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব বিষয়ে জানান।
এতে বলা হয়, আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া প্রকাশ করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা ভেবেছিলাম, আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের আত্মত্যাগ এবং আমাদের স্বপ্নের প্রতিফলন খসড়াতে ঘটতে চলেছে। তবে অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সঙ্গে আমাদের বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। এটি আমাদের সঙ্গে করা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেওয়ার খসড়া প্রস্তাবনার সমালোচনা করে এতে বলা হয়, যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা, অব্যবস্থাপনা, পরিচয় সংকটে এবং সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, সেই চলমান সেশনগুলোকেই (২০২০-২১ থেকে ২০২৪-২৫) এই খসড়া অধ্যাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেয়া হয়েছে। এ যেন এক তামাশা।
আমরা দ্ব্যর্থহীন ভাষায় শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানিয়ে দিতে চাই, এই খসড়া একটি বৈষম্যমূলক এবং অবিবেচনাপ্রসূত দলিল। আমরা এই খসড়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে শিক্ষার্থীরা ৩ দফা দাবি জানান। এরমধ্যে রয়েছে:
১. চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্তীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে।
২. আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে হবে।
৩. অধ্যাদেশ জারির ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।
এছাড়াও আমরা স্পষ্ট এবং কঠোর ভাষায় ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে চাই-এই খসড়া সংশোধন না করা হলে, আমাদের দাবিগুলো মেনে নিয়ে চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত না করা হলে, শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে এই অধ্যাদেশ জারি এবং তা কার্যকর করতে হবে বলেও জানাান তারা।
আরটিভি/এমএ




