এবার তালা ভেঙে হলে ঢুকলেন কুয়েট শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৩:৩৫ পিএম


এবার তালা ভেঙে হলে ঢুকলেন কুয়েট শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

এবার তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঘোষণাটি পড়ে শোনান সাংবাদিকদের।

ওই ঘোষণায় বলা হয়, যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি ইন্টারনেট, পানি অফ করে হল থেকে ছাত্রদের বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলের তালা খুলে ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। এরপর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খান জাহান আলী হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলা হয়। এরপর তারা অন্য হলেরও তালা ভাঙে।

উল্লেখ্য, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল খোলা এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাতেই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission