কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামায় ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের হয়।
শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইনে এ মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ভোর ৫ ঘটিকায় লক্ষীপুর বাজার এলাকায় ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও তার অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামীলীগের স্বত্ত্বাকে সমর্থন করে দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে হাইওয়ে এলাকায় একত্রিত হয়ে সরকারি বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছে। আসামীগণ বিভিন্ন শ্লোগান ও মিছিল করার জন্য সমবেত হয়ে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বিনষ্ট এবং সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমে উদ্বুদ্ধ করার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সমর্থন করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার অপরাধ করেছে। উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে জনমনে আতংক, ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি করেছে।
মামলার আসামিগণ হলেন— ১. মো. মামুন-অর-রশিদ (২৭) (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি), ২. মো. শিহাব উদ্দিন বিশ্বাস (৪০) ৩. মোস্তাফিজুর রহমান (৪৮), ৪. মো. মানিক মিয়া (৪০), ৫. মো. মাসুদ (কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য), ৬. মো. আব্দুল মমিন (৪১) (আওয়ামীলীগের সক্রিয় সদস্য), ৭. মো. আবু বক্কর সিদ্দীক (সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ), ৮. মো. সৌরভ (ইবি থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক), ৯. মেহেদী হাসান সম্রাট (হরিনারায়নপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি), ১০. মো. সাকিল আহম্মেদ (হরিনারায়ণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক), ১১. মো. আদীবুজ্জামান সংগ্রাম (কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক) ১২. আলী আকবর (কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী), ১৩. মো. সিরাজ (৫৭) (গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি), ১৪. মো. দবির হোসেন (গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি), ১৫. জহিরুল ইসলাম (মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি), ১৬. মো. আশিকুর রহমান (মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক), ১৭. মো. রাকিবুল ইসলাম রাজিব (মনোহরদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী) ইত্যাদি জেলা-কুষ্টিয়া সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আসামিরা ঝটিকা মিছিল করে পলাতক রযেছে। মামলা দায়ের হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে আসামিদের ধরতে অভিযান পরিচালনা করার পাশাপাশি সজাগ আছি। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরটিভি/ এসকেডি




