ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, সবশেষ যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ অক্টোবর ২০২৫ , ১২:৩৪ পিএম


ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, সবশেষ যা জানা গেল
ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

নিসচার এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি কানাডা থেকে যুক্ত হয়ে তার ছেলে মিরাজুল মইন এ তথ্য জানান। চিকিৎসার জন্য তিনি সাত মাস ধরে অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে রয়েছেন। বর্তমানে তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার বর্তমান স্বাস্থ্য অবস্থা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আরিফুল ইসলাম জানান, গত ২৬ এপ্রিল থেকে আব্বু লন্ডনের আমাদের বাসায় অবস্থান করছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ারের নেতৃত্বে চিকিৎসা চলছে। ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। পুরো টিউমার অপসারণ করলে জীবন ঝুঁকির পাশাপাশি প্যারালাইসিস ও কথার ক্ষমতা হারানোর সম্ভাবনা থাকায় ডাক্তারদের পরামর্শমতো আংশিক অপসারণ করা হয়েছিল।

আরিফুল ইসলাম আরও জানান, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গতকাল শুক্রবার থেকে টার্গেট থেরাপি শুরু হয়েছে। এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে এবং পরে চার সপ্তাহ বিশ্রামে ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন।

আরও পড়ুন

লন্ডনে দীর্ঘ সময় থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্তও হয়েছেন। 

আরিফুল ইসলাম বলেন, আব্বু সবকিছু বুঝছেন। দীর্ঘ সময় কর্মব্যস্ত জীবন থেকে লন্ডনের ঘরবন্দি জীবন তাঁকে কিছুটা ভেঙে দিয়েছে। থেরাপির কারণে শরীরও ক্লান্ত, মুঠোফোনে কথা বলা এখন কঠিন। তবুও তিনি নিরাপদ সড়ক চাই সংস্থার কার্যক্রমে আপডেট রাখছেন। চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা ও সোনিয়া নিয়মিত তার খোঁজ রাখছেন। 

তিনি আরও বলেন, চিকিৎসা শুরু হওয়ার পর আব্বুর ফোন প্রায় বন্ধ থাকায় অনেকেই হয়তো তার খবর জানতে পারছেন না। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission