গেলো ২২ এপ্রিল নড়াইলে কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকার রাস্তার গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে। এসব গাছ সরানোর পাশাপাশি নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে চলছে সরকারি গাছ কাটার মহোৎসব।
ঝড়ের পর থেকে রাস্তা পরিষ্কারের তাৎক্ষনিক অনুমোদন পাবার পর এরইমধ্যে কয়েকটি রাস্তার ৬ লাখেরও বেশি টাকার গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিদিন শিংগাসোলপুর-মির্জাপুর, গোবরা-আগদিয়া, চুনখোলা-তারাপুরসহ কয়েকটি সড়কের গাছ কাটা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, প্রশাসনের অনুমোদন নিয়ে ঝড়ে পড়া গাছ কাটার কথা বলে তাজা গাছ কাটা হচ্ছে। তারা এ ব্যাপারে ভয়ে মুখ খুলতে পারছেন না।
স্থানীয়রা বলেন, ঝুঁকিপূর্ণ গাছ না কেটে চেয়ারম্যানের লোকেরা রাস্তার পাশের ভালো গাছগুলো আগে কেটে সরিয়ে ফেলেছেন।
কয়েকটি তাজা গাছ কেটে নেবার কথা স্বীকার করে শিংগাসোলপুরের চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো পুনরায় ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে। কাটা গাছগুলো ইউনিয়ন পরিষদে জমা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অবগত হয়ে গাছ সার্ভে করছেন বলে জানালেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিুকুর রহমান।
ঝড়ে পড়ার বাইরে কোনো গাছ কাটার বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করলেন তিনি।
কে/জেএইচ




