চিরবিদায় নিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ইতোমধ্যে মুম্বাইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
কিন্তু কলকাতার অনুষ্ঠানে যারা কেকের সঙ্গী হয়ে এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন। প্রয়াত গায়ক যে হোটেলে উঠেছিলেন, ওই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। এ ছাড়াও নজরুল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা জানান, অস্বাভাবিক কোনো কারণে গায়কের মৃত্যু হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে মারা গেছেন তিনি।
কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত গায়কের দেহের ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে এসব তথ্য দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ হয় ৭২ ঘণ্টা পর।
সেই রিপোর্ট থেকে জানা যায়, হার্টের ব্লকেজের কারণে কেকের মৃত্যু হয়েছে। তার হৃদযন্ত্রের বাঁ-দিকের ধমনিতে ৭০ শতাংশ ব্লকেজ ছিল। নাচ-গান করতে গিয়ে অতিরিক্ত উত্তেজনায় তার হার্টের ব্লকেজ বেড়ে যায়। এতে আচমকাই রক্ত চলাচল বন্ধ হওয়ায় কার্ডিয়াক অ্যাটাক হয়। ফলে চিকিৎসা শুরুর আগেই নিভে যায় কেকের জীবনপ্রদীপ।
তবে মৃত্যুর আগে জনপ্রিয় এই গায়কের কণ্ঠে কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের রেকর্ড করা শেষ গান প্রকাশ পেয়েছে। সৃজিত মুখার্জি পরিচালিত ‘শেরদিল’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি। গানটি প্রকাশের পরপরই তা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়ে গেছেন কেকে। সোমবার (০৬ জুন) এটি প্রকাশ পেয়েছে। ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কাবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকের গাওয়া গানটির সঙ্গে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরজ কাবিকে।




