সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।
ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।
তবে গত কয়েক বছরে নিজের সেই ঘটানাটি সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। সবাই যখন সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন এই সময়টাতে এসে।
নতুন খবর হচ্ছে বছরের প্রথম দিন থেকেই তাকে ছোটপর্দায় দেখা যাবে। রোববার (১ জানুয়ারি) থেকে একটি বেসরকারী চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। এতে ভিন্ন রূপে দেখা যাবে প্রভাকে। কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’ রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নাটকটির গল্পে দেখা যায়, রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাইসহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
এতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।
প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।




