১৫ বছর পর স্বামী-সন্তান প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা রুবিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ অক্টোবর ২০২৩ , ০৫:২৫ পিএম


নিঝুম রুবিনা ও তার স্বামী-সন্তান
নিঝুম রুবিনা ও তার স্বামী-সন্তান

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিঝুম রুবিনা। গুঞ্জন ছিল তার স্বামী-সন্তান রয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি তিনি। এবার মেয়ের দ্বিতীয় জন্মদিনে সব গুঞ্জনের ইতি টানলেন এই নায়িকা।

শনিবার (১৪ অক্টোবর) নিঝুম রুবিনার মেয়ে ম্যারিনা মেরিশ আনাহিতার দুই বছর পূর্ণ হয়েছে। মেয়ের বিশেষ দিনটি ঘটা করে উদযাপন করেন এই নায়িকা। যেখানে চলচ্চিত্রসহ শোবিজ অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। আনন্দের এই দিনে মেয়েসহ প্রথমবার স্বামীকে পরিচয় করিয়ে দেন নিঝুম রুবিনা।

এ বিষয়ে নিঝুম রুবিনা বলেন, আমার স্বামীর নাম রাহুল রওশন। তিনি পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা। এসএসসি পাস করার পরই অর্থাৎ ১৫ বছর আগে আমাদের বিয়ে হয়। প্রফেশনাল ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন আলাদা। সবসময় বলে এসেছি, আমি আমার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে অবশ্যই সাংবাদিক ভাইয়েদের ডেকে জানাব। আজ মেয়ের জন্মদিন, আমাদেরও আনন্দের দিন। তাই এমন আনন্দঘন পরিবেশেই সুখবরটি জানাচ্ছি।

১৫ বছর ধরে কেন আড়ালে ছিল বিয়ে ও সন্তানের বিষয়—এমন প্রশ্নের উত্তরে নিঝুম বলেন, আমিই মনে হয় দেশের শোবিজ তারকাদের মধ্যে সর্বোচ্চ সময় বিয়ের খবর আড়াল করতে পেরেছি। হয়তো আরও সময় আড়ালেই রাখতে পারতাম। এক্ষেত্রে বলতেই হয়, আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবসময় তার সাপোর্ট ছিল। বিয়ের পর ঢাকায় এনে কলেজে ভর্তি করানো, পড়াশোনা থেকে সবকিছু হাতে ধরে শিখিয়েছেন।

তিনি আরও বলেন, আজ স্বামী ও সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুবই আনন্দ লাগছে। আপনারা সবাই আমার স্বামী ও কলিজার টুকরো মেয়ের জন্য দোয়া করবেন। একই সঙ্গে আমাদের এই সংসার যেন সুখে ভরে ওঠে।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মধ্য দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’সহ বেশ কিছু সিনেমায়। বর্তমানে ‘দুই মা’, ‘বন্ধু তুই আমার’, ‘লিপিস্টিক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিঝুম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission