ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৪২ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মধুর সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিন। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছেন এই স্টারকিড। 

ছেলে জয়ের বয়স আজ আট বছর পূর্ণ হলো। সে পা দিলো ৯ বছরে। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস, যা আদর, ভালোবাসা এবং আশীর্বাদে পূর্ণ। 

বৃহস্পতিবার দিনগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই পোস্টটা দিয়েছেন নায়িকা। সঙ্গে শেয়ার করেছেন ছেলের দুটি ছবি। পোস্টের শুরুতেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।’

নায়িকা লিখেছেন, ‘গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর।’

অপু আরও লিখেছেন, ‘উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে।’

সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’

প্রসঙ্গত, জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। সেই প্রেম পরিণয়ে রূপ নেয় ২০০৮ সালে। তারা গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্মও হয় গোপনে। এরপর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয়ে যায় সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের।

আরটিভি /এএ /এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission