শিল্পকলার মঞ্চে আসছে ‘শয়তান’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৩ পিএম


শিল্পকলার মঞ্চে আসছে ‘শয়তান’
ছবি: সংগৃহীত

ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে শব্দ থিয়েটারের জনপ্রিয় ও বহুচর্চিত নাটক ‘শয়তান’। ঢাকার মঞ্চে এটিই হবে নাটকটির প্রথম প্রদর্শনী। এর আগে দেশের বিভিন্ন জেলায় মোট ৭ বার সফলভাবে মঞ্চায়ন হয়েছে নাটকটি। দর্শকদের আগ্রহ, প্রশংসা ও ধারাবাহিক চাহিদার প্রেক্ষিতে এবার রাজধানীতে আয়োজন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত এই শো।

কাহলিল জিবরানের বিখ্যাত স্যাটান গল্প অবলম্বনে নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান নির্মাণ করেছেন নাটকটির মঞ্চরূপ। নাটকে উঠে এসেছে মানবচেতনা, পাপ-পুণ্য, নৈতিকতা ও আত্মদ্বন্দ্বের গভীর দার্শনিক অনুসন্ধান। মানুষের অন্তর্গত অন্ধকার, ধর্মীয় ও সামাজিক কাঠামোর মুখোমুখি দাঁড়িয়ে এক ‘শয়তান’ চরিত্রের প্রশ্ন ছুঁড়ে দেওয়া—এই নাটকের প্রধান শক্তি। শব্দ থিয়েটার জানায়, এই নাটক দর্শকদের শুধু বিনোদন নয়, বরং গভীর ভাবনার ভেতর নিয়ে যাবে, মানুষের আত্মপরিচয় ও বিশ্বাসকে interrogate করার সুযোগ তৈরি করবে।

নাটকের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ও ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে শো–এর দিন জাতীয় নাট্যশালার হল কাউন্টার থেকে এবং অনলাইনে।

আরও পড়ুন

নাটকের ঢাকায় প্রথম প্রদর্শনী উপলক্ষে আজ যশোর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শব্দ থিয়েটার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান, প্রচার সম্পাদক পিয়াশ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর হাসান, এবং অভিনেতা বনিফেস। বক্তারা জানান, ‘শয়তান’ নাটকটি এখন শব্দ থিয়েটারের অন্যতম সফল প্রযোজনা। দেশের বিভিন্ন মঞ্চে প্রদর্শনকালে দর্শকরা নাটকটির দার্শনিক ভাবনা, অভিনয়শৈলী এবং মঞ্চরূপের প্রশংসা করেছেন। এই আগ্রহই ঢাকায় প্রথমবারের মতো আয়োজনের প্রধান অনুপ্রেরণা।

শব্দ থিয়েটার জানায়, রাজধানীর দর্শকদের জন্য এটি হবে এক ভিন্নধর্মী থিয়েটার অভিজ্ঞতা; যেখানে নান্দনিক মঞ্চসজ্জা, সংবেদনশীল অভিনয় এবং দার্শনিক বয়ানের সমন্বয়ে তৈরি হবে এক অনন্য নাট্যযাত্রা। আগামী ৬ ডিসেম্বরের প্রদর্শনীতে সবার উপস্থিতি কামনা করেছে দলটি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission