ব্রাজিলিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
মৃত্যুর মাত্র দু’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি সানগ্লাসসহ ছবি পোস্ট করেছিলেন মারিয়া রিতা। হঠাৎ তার মৃত্যুর খবরে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মার্কিন ম্যাগাজিন পিপল এর প্রতিবেদনে জানানো হয়, টিকটকে মারিয়া রিতার ফলোয়ার ছিল ৬৫ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে ১১ হাজারেরও বেশি। তিনি মূলত মেকআপ পণ্যের রিভিউ ও টিউটোরিয়ালসহ ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক কনটেন্ট তৈরি করতেন। অল্প সময়ের মধ্যেই এসব কনটেন্টের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার মৃত্যুতে সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর ও ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন। এক শ্রদ্ধাঞ্জলিতে তিনি লেখেন, তিনি ছিলেন মনোমুগ্ধকর একজন মানুষ। তার উপস্থিতিতেই একটি ঘর আলোকিত হয়ে উঠত।
আরেক বন্ধু লিভিয়া ইঙ্গিত দিয়েছেন, মারিয়া রিতার মৃত্যু ছিল সম্পূর্ণ আকস্মিক। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মৃত্যুর আগের দিনও তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। লিভিয়া লেখেন, তুমি চলে যাওয়ার ২৪ ঘণ্টাও হয়নি। ১০ বছরের এই বন্ধুত্ব আর কখনো আগের মতো থাকবে না।
মারিয়া রিতার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা এবং পরদিন ব্রাজিলের সাও বার্নাডো দো ক্যাম্পো শহরে দাফন সম্পন্ন করা হবে।
আরটিভি/এসকে





