ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জ্বালানি সংকট নিরসনে মিত্রদেশগুলোকে এক নজিরবিহীন ও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র উত্তেজনার সৃষ্টি করে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তায় মিত্র দেশগুলোকে নিজেদের তেল নিজেদেরকেই সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন।
হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকটের মধ্যে যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে দেশগুলোর উচিত সাহসের সঙ্গে হরমুজ প্রণালীতে গিয়ে নিজেদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যেসব দেশ বর্তমানে জেট ফুয়েল বা জ্বালানি সংকটে ভুগছে, তারা যেন আর দেরি না করে হরমুজ প্রণালীতে গিয়ে যা প্রয়োজন তা দখল করে নেয়।
মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় চরম হুঁশিয়ারি উচ্চারণ করে জানান , যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য দেশগুলোর সহায়তায় এগিয়ে আসবে না। বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যেসব দেশ সরাসরি অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন লড়াই করছিল তখন তারা পাশে ছিল না, তাই এখন তাদের নিজেদের লড়াই নিজেদেরই শিখতে হবে।
ইরানকে কার্যত ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে দাবি করে ট্রাম্প উল্লেখ করেন যে কঠিন কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন বাকি দেশগুলোর দায়িত্ব নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
আরটিভি/এমআই




