৩০ জুন পর্যন্ত সৌদির ওমরাহ-ওয়ার্ক ভিসা স্থগিত থাকবে

আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৪:২১ পিএম


ওমরাহ ভিসা
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪টি দেশের আবেদনকারীদের ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদানে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সৌদি আরব। পারিবারিক ভিসা প্রদানেও বিধিনিষেধ জারি করা হয়েছে। গত ৩১ মে থেকে কার্যকর হওয়া এই আদেশ ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যতীত স্থগিতাদেশের আওতায় পড়া বাকি ১৩টি দেশ হলো পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। সেই সঙ্গে পারিবারিক ভিসা প্রদানের ক্ষেত্রেও জারি করা হয়েছে বিধিনিষেধ। ওয়ার্ক ভিসার মতো এসব আদেশ ৩০ জুন পর্যন্ত এই ১৪টি দেশের উপর কার্যকর থাকবে। 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত নতুন কোনো ওয়ার্ক ভিসা বা ওমরাহ ভিসা প্রদান করা হবে না। এমনকি ৩১ মে’র আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনও সৌদিতে আসেননি, স্থগিতাদেশ কার্যকর থাকাকালে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন। 

মূলত হজযাত্রীদের আগমন এবং হজ শেষে তাদের সৌদি থেকে বিদায় নেওয়া নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত রাখতেই এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ৪ জুন শুরু হয়েছে চলতি বছরের হজযাত্রা। শেষ হয়েছে ৭ জুন। হাজিদের একটি বড় অংশ জুনের শেষ নগাদ সৌদি থেকে বিদায় নেবেন। 

এ বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশের নাগরিকরা সৌদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, তাদের মধ্যে এই ১৪টি দেশের আবেদনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশসহ ১৪টি দেশের ভিসা নীতিতেও বদল আনে সৌদি আরব। সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই দেশগুলোর নাগরিকদের এখন থেকে ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা প্রদান করা হবে। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকেরা। ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন।   

অভিযোগ, এত দিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা (মাল্টিপল এন্ট্রি) নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত।

সূত্র : আরব টাইমস

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission