ভারতের ছত্তিশগড়ের খৈরাগড় জেলায় দেওলা বাই নামের ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার ‘সন্তান সমতুল্য’ গাছ অবৈধভাবে কেটে ফেলার ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন। এই হৃদয়বিদারক দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মানুষের মনে দাগ কাটে এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও ভিডিওটি শেয়ার করে সমবেদনা জানান।
এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ২০ বছর আগে বৃদ্ধা তার উঠোনে গাছটি রোপণ করে নিজের সন্তানের মতো যত্ন করতেন। লাভজনক উদ্দেশ্যে গাছটি কেটে ফেলার পর দেওলা বাই গাছের গুঁড়ির পাশে মাটিতে লুটিয়ে পড়েন ও কাঁদতে শুরু করেন।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর শেয়ার করা এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, ওই নারী কাঁদছেন এবং গাছের গুঁড়িটিতে মাথা রেখে দাঁড়িয়ে আছেন।
সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এটি এমনই হৃদয়বিদারক দৃশ্য। ২০ বছর আগে নিজের রোপণ করা গাছটি কেটে ফেলার পর একজন বয়স্ক নারী কাঁদছেন। এটি ছত্তিশগড় রাজ্যে ঘটেছে বলে জানতে পেরেছি।’
উল্লেখ্য গ্রামের বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই গাছ কাটার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে।
আরটিভি/এআর





