‘গোল্ডেন ভিসা’ দিচ্ছে আরব আমিরাত, সুযোগ যাদের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৭ পিএম


‘গোল্ডেন ভিসা’ দিচ্ছে আরব আমিরাত, সুযোগ যাদের

মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধিশালী দেশ সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদী কিংবা স্থায়ী বসবাসের অন্যতম আকর্ষণীয় সুযোগ হলো গোল্ডেন ভিসা। সাধারণত বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীরা এই ভিসার জন্য আবেদন করতে পারতেন। কিন্তু সম্প্রতি, সমাজ ও মানব সেবায় বিশেষ অবদান রাখা মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য গোল্ডেন ভিসায় আবেদনের দুয়ার খুলে দিয়েছে আরব আমিরাত সরকার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামাজিক উন্নয়ন ও মানব সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে আরব আমিরাত সরকার এবার স্বেচ্ছাসেবীদের দীর্ঘমেয়াদি এই ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

অগ্রাধিকার পাবেন যারা
আমিরাত সরকারের নতুন এই উদ্যোগে বেশ কিছু মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, যা পূরণ সাপেক্ষে আবেদনকারীরা ন্যূনতম পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেতে পারেন।

এই ভিসার জন্য আবেদনকারীরা আন্তর্জাতিক কোনো সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কমপক্ষে পাঁচ বছর মেয়াদি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া, জনকল্যাণমূলক সমিতি কিংবা প্রতিষ্ঠানের সদস্য হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলেও ন্যূনতম পাঁচ বছর মেয়াদি ভিসা পাওয়া যেতে পারে। অন্যদিকে, যারা মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্র বা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন, তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন। মানবিক কাজে ৫ লাখ ডলার সমপরিমাণ দান করার রেকর্ড থাকলেও ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়াও দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরা গোল্ডেন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকবেন।

সংযুক্ত আরব আমিরাত সরকারের এই উদ্যোগ মানবসেবায় নিয়োজিত বিশ্বজুড়ে পেশাদারদের জন্য আমিরাতে স্থায়ীভাবে বসবাসের এক নতুন সুযোগ তৈরি করল।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission