চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। মাত্র ৮ বছর বয়সী এক শিশু বন্ধুত্ব গড়তে সহপাঠীদের কাছে মায়ের সোনার গলার হার কেটে কেটে উপহার হিসেবে বিলিয়ে দিয়েছে!
পরিবার জানায়, শিশুটি কেন এ কাজ করেছে সে বিষয়ে প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না। পরে জানা যায়, সহপাঠীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে সে মায়ের বিয়ের স্মারক সেই সোনার হারটি টুকরা টুকরা করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি হাতে প্লাস আর লাইটার নিয়ে হার কাটার চেষ্টা করছে। শেষে না পেরে দাঁত দিয়ে ছোট ছোট টুকরা করে।
বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে হারটির মাত্র একটি ছোট টুকরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
মায়ের সেই সোনার হারটির ওজন ছিল ৮ গ্রাম। বর্তমানে চীনে প্রতি গ্রাম সোনার দাম প্রায় ১,২০০ ইউয়ান। সেই হিসাবে হারটির মোট মূল্য ৯,৬০০ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা।
পারিবারিকভাবে ঘটনাটি নিয়ে দুশ্চিন্তা তৈরি হলেও স্থানীয়রা বলছেন, অতিরিক্ত সরলতা আর বন্ধুত্বের আকাঙ্ক্ষাই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে শিশুটির দ্বারা।
আরটিভি/এসকে





