আন্তর্জাতিক মাদক পাচার চক্রের শিকড় উপড়ে ফেলতে কুয়েতে দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বিপুল পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানকে মাদক দমনে বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন। খবর গালফ নিউজের।
তদন্তকারীরা জানিয়েছেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কুয়েতের বাইরে থেকে পরিচালিত একটি বড় অপরাধী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ১৪ কেজি হেরোইন ও ৮ কেজি বিশেষ মাদক শাবু উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদ ও দীর্ঘ নজরদারির পর কাইফান ও শুয়াইখ এলাকায় এই ঝটিকা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
কুয়েত সরকার স্পষ্ট জানিয়েছে যে দেশের ভেতরে মাদক প্রবেশ রুখতে কোনো ছাড় দেওয়া হবে না। আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তঃদেশীয় পাচারকারী গোষ্ঠীগুলোকে ভেঙে দিতে এই কঠোর রায় দেওয়া হয়েছে। অভিযুক্তদের কাছে মাদক মাপার ডিজিটাল যন্ত্রও পাওয়া গেছে।
আরটিভি/এআর




