ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৬ পিএম


ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডাস্থ বিলাসবহুল বাসভবন ‘মার-এ-লাগো’তে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টাকালে এক সশস্ত্র যুবক নিহত হয়েছেন।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে পাম বিচে অবস্থিত এই রিসোর্ট কাম বাসভবনে সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে ওই ব্যক্তি প্রাণ হারান। 

বিজ্ঞাপন

সিক্রেট সার্ভিসের দেওয়া আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, গভীর রাতে মার-এ-লাগো বাসভবনের উত্তর প্রবেশপথের কাছে সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই ব্যক্তির হাতে একটি শটগান এবং একটি জ্বালানির পাত্র ছিল বলে প্রাথমিকভাবে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পাম বিচ কাউন্টি শেরিফ দপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই অনুপ্রবেশকারীর মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়তে বাধ্য হন এবং ঘটনাস্থলেই ওই যুবক লুটিয়ে পড়েন।

আরও পড়ুন

পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দিয়ে সাংবাদিকদের জানান, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে শটগান ও জ্বালানি ভর্তি কন্টেইনার হাতে দেখতে পান। কর্মকর্তারা তাকে বারবার অস্ত্র ও পাত্রটি মাটিতে নামিয়ে রাখার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ওই যুবক জ্বালানির পাত্রটি মাটিতে ফেলে দিলেও নিজের হাতে থাকা শটগানটি সরাসরি নিরাপত্তাকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ার উপযোগী ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। জীবনের ঝুঁকি তৈরি হওয়ায় আত্মরক্ষার্থে নিরাপত্তাকর্মীরা অস্ত্র ব্যবহার করে তাঁকে ‘নিষ্ক্রিয়’ করেন।

বিজ্ঞাপন

নিহত ওই অনুপ্রবেশকারীর পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। তবে ধারণা করা হচ্ছে, তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। কী উদ্দেশ্যে তিনি অত্যন্ত সুরক্ষিত এই প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে এফবিআই ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ওই এলাকাটি বর্তমানে পুলিশের কর্ডন দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ফরেনসিক দল তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ করছে।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার এই বাসভবনে ছিলেন না। হোয়াইট হাউসের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রেসিডেন্ট বর্তমানে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তবে ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনে এমন সশস্ত্র হামলার প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission