ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বদায়ুঁ জেলায় তিনজন প্রবীণ মুসলিমকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগীরা আতঙ্কে রয়েছেন এবং ন্যায়বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী ৫৬ বছর বয়সী আব্দুল সালাম বিবিসিকে জানান, আমাকে আর আমার সঙ্গীদের মারধর করা হয়েছে, কটু কথা বলা হয়েছে। আমরা শান্তভাবে বসে ছিলাম। তারাই ভিডিও তুলে ভাইরাল করেছে। আমরা কোনো ঝগড়া চাই না, ন্যায়বিচার চাই। তার অভিযোগ, অভিযুক্ত দ্রুত জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রয়োজনীয় ধারায় মামলা হয়নি।
আব্দুল সালামের ভাষ্য অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি তিনি তার দুই সঙ্গী আরিফ ও জাভেদকে নিয়ে রুদায়ন এলাকার ইসলামনগর থানা অঞ্চলে সাহায্য তুলতে যান। এ সময় এক যুবক পেছন থেকে এসে আধার কার্ড দেখতে চান। এরপর ধর্মীয় কটূক্তি করে তাদের মারধর করেন এবং টুপি খুলে নেওয়ার চেষ্টা করেন। যুবক তাদের চোর বলেও অপবাদ দেন।
ঘটনার তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি পুলিশ এফআইআর দায়ের করে এবং অভিযুক্ত অক্ষয় শর্মা ওরফে ছোট্টুকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুনীল কুমার জানান, ঘটনায় তদন্ত চলছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ধর্মীয় বিদ্বেষের বিষয়টি যথাযথভাবে মামলায় অন্তর্ভুক্ত না হওয়ায় অভিযুক্ত সহজেই জামিন পেয়েছেন।
অভিযুক্ত অক্ষয় শর্মার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, তিনি নিজেকে বজরং দলের নেতা পরিচয় দিয়েছিলেন। এ দাবি যাচাই করতে স্থানীয় বজরং দল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
তবে বদায়ুঁর সহসওয়ান এলাকা থেকে সমাজবাদী পার্টির বিধায়ক ব্রজেশ যাদব জানান, অক্ষয় শর্মা ‘গো-রক্ষা মিশন’ সংগঠনের জেলা সভাপতি। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর ভারতে মুসলিমদের ওপর হামলা ও গণপিটুনির ঘটনা বেড়েছে বলে মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে গোমাংস বহনের অভিযোগ, গরু ব্যবসা কিংবা ধর্মীয় বিদ্বেষকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনার তথ্য প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছেন। ভুক্তভোগী আব্দুল সালাম ও তার সঙ্গীরা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চান এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
আরটিভি/এসকে




