ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের জনমতে স্পষ্ট দ্বৈত অবস্থান দেখা যাচ্ছে। একদিকে অধিকাংশ মার্কিন নাগরিক যুদ্ধের দ্রুত অবসান চান, অন্যদিকে তারা ইরানে শাসন পরিবর্তন, জনগণের স্বাধীনতা নিশ্চিত করা এবং পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষেও মত দিয়েছেন।
সিবিএস পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে। গত সপ্তাহে পরিচালিত এ জরিপে অংশ নেন ৩ হাজার ৩৩৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক, যা দেশের সামগ্রিক জনমতের প্রতিনিধিত্ব করে।
জরিপ অনুযায়ী, ৯২ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানকে ঘিরে সংঘাত দ্রুত শেষ হওয়া জরুরি। একই সঙ্গে বিপুল সংখ্যক অংশগ্রহণকারী ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
জরিপে আরও দেখা যায়, ৭৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে। পাশাপাশি ৬৮ শতাংশ মনে করেন, ইরান যাতে অন্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।
তবে যুদ্ধ শেষ হলেও বর্তমান শাসনব্যবস্থা বহাল থাকুক— এমন অবস্থানকে সমর্থন করেননি অধিকাংশ উত্তরদাতা। জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ বলেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা অক্ষুণ্ন রেখে যুদ্ধের ইতি টানা গ্রহণযোগ্য হবে না।
বিশ্লেষকদের মতে, এ জরিপে মার্কিন জনমতের একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়— তারা সরাসরি যুদ্ধের পক্ষে না থাকলেও ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোয় মৌলিক পরিবর্তন দেখতে চান। সূত্র: জেরুজালেম পোস্ট
আরটিভি/এমএইচজে




