জ্বালানি তেল বিক্রিতে সীমা বেধে দিল প্রথম কোনো ইউরোপীয় দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১২:৩৯ পিএম


জ্বালানি তেল বিক্রিতে সীমা বেধে দিল প্রথম কোনো ইউরোপীয় দেশ
ছবি: সংগৃহীত

ইরান-আমেরিকা যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে ইউরোপে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্লোভেনিয়া জ্বালানি বিক্রিতে আনুষ্ঠানিক সীমাবদ্ধতা আরোপ করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্লোভেনিয়া সরকারের নতুন নির্দেশনায় এখন থেকে ব্যক্তিগত গাড়ির চালকরা দিনে সর্বোচ্চ ৫০ লিটার জ্বালানি কিনতে পারবেন। আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় দেশটির সরকার অভ্যন্তরীণ মজুত ধরে রাখতে এই পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে স্লোভেনিয়ায় দেখা দিয়েছে এক নতুন প্রবণতা ‘ফুয়েল ট্যুরিজম’। তুলনামূলক কম দামে পেট্রোল ও ডিজেল কিনতে দেশটির নাগরিকরা প্রতিবেশী অস্ট্রিয়ায় ভ্রমণ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলোর জরুরি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির ইতিহাসে এটিকে সবচেয়ে বড় হস্তক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, আর সেটিই বাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নেই। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বাড়তে শুরু করেছে। একই সঙ্গে ইউরোপের সাধারণ মানুষের গৃহস্থালির গ্যাস ও বিদ্যুৎ বিলও ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

তবে যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এমন খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, বুধবার দিনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো ‘চুক্তি করতে মরিয়া’। তিনি জানান, এ আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুক্ত রয়েছেন।

আরও পড়ুন

তবে এর আগে সোমবার তেহরানের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এমন দাবিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন।

এদিকে কূটনৈতিক আলোচনা চললেও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission