হামলার ঘোষণা দিয়ে লেবাননের টায়ার শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
বুধবার (৮ এপ্রিল) টায়ারের বাসিন্দাদের দক্ষিণ লেবাননের জহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছে। খবর আলজাজিরার
এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এ নির্দেশনাটি টায়ারের আল আব্বাসিয়া ও শিবরিহা এলাকার বসবাসকারী বাসিন্দাদের জন্য প্রযোজ্য।
প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে অন্তত দুটি ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। বুধবার হওয়া হামলা দুটির একটি হয়েছে টায়ার শহরের একটি হাসপাতালের কাছে, আর অন্যটি বেকা উপত্যকার মাশঘারা শহরে। এছাড়া রাজধানী বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোন উড়তেও দেখা গেছে বলে জানিয়েছে আলজাজিরা। তারা জানাচ্ছে, লেবাননে ইসরায়েলি হামলার সমাপ্তি ঘটবে, এমন ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। তবে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এটি ঠিক কতটা দ্রুত কার্যকর হবে, তা এখনও অস্পষ্ট।
এদিকে ইরানের ওপর হামলা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। বুধবার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার মার্কিন সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে, তবে এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না।’
আরটিভি/এসএস



