যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১০:২২ এএম


যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের অর্থনীতিকে লক্ষ্যবস্তু বানিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি দাবি করেন, ওয়াশিংটন ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, যার ফল শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতিকর হবে।

এক অডিও বার্তায় গালিবাফ বলেন, শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ প্রয়োগে খুবই আশাবাদী। তারা আবারও ভুল তথ্য পেয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই ভুল সিদ্ধান্তের খেসারত সবাইকে দিতে হবে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইরানের অর্থনীতি প্রায় ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হতে পারে। দেশটিতে মূল্যস্ফীতিও আশঙ্কাজনকভাবে বেড়েছে। খাদ্যপণ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রুটি, শস্য, তেল ও চর্বিজাতীয় পণ্যের মূল্য।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও অনিশ্চিত যুদ্ধবিরতির কারণে ইরানের অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে। গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবরোধ আরোপের পর ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর হরমুজ প্রণালি ব্যবহার কঠিন হয়ে পড়ে। এতে তেল রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানিতে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।

গালিবাফ দাবি করেন, এটি সরাসরি সামরিক যুদ্ধ নয়; বরং ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পিত কৌশল। তিনি জনগণকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিভেদ সৃষ্টি করে এমন যে কোনো কর্মকাণ্ড শত্রুর লক্ষ্য পূরণে সহায়তা করবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার স্বার্থে ইরানের জনগণ সব ধরনের চাপ মোকাবিলা করবে।

সূত্র: শাফাক নিউজ

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission