মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৭ ডলারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরান সরাসরি হামলা থেকে বিরত থাকায় মঙ্গলবার তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। ফলে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে এবং ডব্লিউটিআইয়ের দাম ২৯ মের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।
তবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের পর। খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাশম দ্বীপ এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে পাল্টা পদক্ষেপ নেয় তেহরানও।
দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়তে পারে এবং দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
আরটিভি/এসকে



