ভারতের ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার পর উল্টে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা একটি মদের দোকানের দুই কর্মচারী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সান্দি সরকারি মদের দোকানের ওই দুই কর্মচারী কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বলোদাবাজার যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
নিহতরা হলেন খোরসিনালার বাসিন্দা সত্যপ্রকাশ সোনওয়ানি (৩৪) এবং সোনপুরি গ্রামের বাসিন্দা গোপী কিষাণ আদিল (২৫)।
প্রাথমিক তথ্যে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে এত জোরে ধাক্কা দেয় যে, উল্টে যাওয়ার আগে দুই আরোহীসহ বাইকটিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুই জনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে পালারির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালারি থানা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরটিভি/ এসকেডি



