ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত কুকুর

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৫:২৬ পিএম


ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত কুকুর
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আট দিন পর এক অলৌকিক উদ্ধারকাজের ঘটনা ঘটেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাবাল্লেদা শহরে ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ‘বাডি’ নামের একটি ৬ বছর বয়সী কুকুরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক জোড়া ভূমিকম্পে লা গুয়াইরা ও কারাবাল্লেদা শহর পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্গত এলাকায় একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে বর্তমানে জরুরি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়েছে। ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধসে পড়ার পর এই ফাস্টফুড চেইনের আউটলেটটি এখন বেঁচে যাওয়া মানুষ ও তাদের প্রাণীদের জন্য আশার আলো হয়ে উঠেছে।

গ্যাব্রিলা আলভেস নামের এক নারী ভূমিকম্পের এক সপ্তাহ পর তার প্রিয় কুকুর ‘বাডি’কে এই ম্যাকডোনাল্ডস কেন্দ্রে জীবিত খুঁজে পান। বর্তমানে এই কেন্দ্রে একদিকে যেমন আহত বা অসুস্থ মানুষদের স্যালাইন দিয়ে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, অন্যদিকে মানুষ সেখানে এসে তাদের হারিয়ে যাওয়া বিড়াল-কুকুর খুঁজে পাচ্ছেন।

বিপর্যস্ত এই পরিস্থিতিতে ম্যাকডোনাল্ডসের ভেতরে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিরলস কাজ করে যাচ্ছেন। তারা উদ্ধার হওয়া এবং আহত সব প্রাণীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে চলেছেন।

শুক্রবার (৩ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় দেশটিতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন থেকে দিন বেড়ে চলেছে। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন।

বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্পের পর থেকে দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের মোট ৮৮৫টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে গেছে।

বিপর্যস্ত উত্তর ভেনেজুয়েলায় কারাকাস প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক মহলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৩ হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি ভেনেজুয়েলা সরকার দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধার অভিযান চালাতে নিজস্ব প্রায় ৩০ হাজার কর্মী ও উদ্ধারকারী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে প্রথম ৭ দশমিক ৫ মাত্রার মূল ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার (১৪.৩ মাইল) দক্ষিণ-পূর্বে। এর ঠিক ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ২ মাত্রার অপর ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপ শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার (১৪.৯ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় শুক্রবার আরও জানিয়েছে, প্রধান দুটি ভূমিকম্পের পর ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৮৯০টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা উদ্ধারকাজ ও স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন করে ভীতি তৈরি করছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission