এবার ট্রাম্পের নামে বিমানবন্দরের নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৮:১০ পিএম


এবার ট্রাম্পের নামে বিমানবন্দরের নামকরণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ফ্লোরিডার পাম বিচের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও টেনেসির একটি সেতুর আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে। খবর এনবিসি নিউজের। 

বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন নামসংবলিত সাইনবোর্ড উন্মোচন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফ্লোরিডার কর্মকর্তারা জানান, পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। গত মার্চে এ-সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। নাম পরিবর্তনের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘পাম বিচে বিমানবন্দরটির নতুন নামকরণ হওয়া আমার জন্য বড় সম্মানের। এটি শিগগিরই বিশ্বের অন্যতম সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হবে।’

আরও পড়ুন

অন্যদিকে, টেনেসিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জেফারসন কাউন্টির একটি সেতুর নতুন নামফলক উন্মোচন করেন। গত বছর টেনেসি অঙ্গরাজ্যের আইনসভা কয়েকটি সেতু ও সড়কের নাম পরিবর্তনের আইন পাস করে। এর আওতায় আগে ফ্রান্সিস বার্নেট সোয়ান মেমোরিয়াল ব্রিজ নামে পরিচিত সেতুটির নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’। 

অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘এখন থেকে এই সেতু দিয়ে চলাচলকারী প্রত্যেক চালক ট্রাম্পের নাম দেখতে পাবেন। তিনি সব সময় সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন এবং তাদের স্বার্থকে নিজের স্বার্থ হিসেবে গ্রহণ করেছেন।’

বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নাম পরিবর্তনে অন্তত ৫৫ লাখ ডলার ব্যয় হবে। এর মধ্যে নতুন সাইনবোর্ড, ব্র্যান্ডিং ও অন্যান্য উপকরণ হালনাগাদের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নতুন নাম অনুযায়ী টার্মিনালের সাইনেজ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও অন্যান্য অবকাঠামো ধাপে ধাপে হালনাগাদ করা হচ্ছে। এ কারণে আগামী কয়েক সপ্তাহ যাত্রীরা পুরোনো ও নতুন, দুই ধরনের ব্র্যান্ডিং একসঙ্গে দেখতে পাবেন।

মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস জানায়, ট্রাম্প পরিবারের করা নতুন নামের ট্রেডমার্ক আবেদন ফেব্রুয়ারিতে অনুমোদন পায় ও ১৮ জুন তা নিবন্ধিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষও ট্রাম্প পরিবারের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে।

ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যক্তিগত উড়োজাহাজ ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নতুন নাম কার্যকর হওয়ার পর প্রথম বিমান হিসেবে বৃহস্পতিবার ভোর ৫টা ১ মিনিটে বিমানবন্দরটিতে অবতরণ করে। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ফ্লোরিডা ও দেশের জন্য ট্রাম্পের মতো অবদান আর কারও নেই। তাই এই সম্মান তারই প্রাপ্য।’

তবে বিমানবন্দরটির নতুন নাম কার্যকর হলেও আপাতত এর তিন অক্ষরের বিমানবন্দর কোড ‘পিবিআই’-ই থাকছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে এটি পরিবর্তন করে ‘ডিজেটি’ করা হবে।

উল্লেখ্য, ফ্লোরিডা ও টেনেসিতে ট্রাম্পের নামে নতুন সাইনবোর্ড স্থাপনের কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটনের কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়। আদালতের নির্দেশে কেন্দ্রটির ওয়েবসাইটসহ সব জায়গা থেকে তাঁর নাম অপসারণ করা হয়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission