রাশিয়ায় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৮:৪৫ এএম


রাশিয়ায় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩
মস্কোর একটি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত আটটার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের এক বহুতল ভবনের নিচতলায় ‘বালজি রসি’ নামের একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। খবর আল জাজিরার।  

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, এক নারীর বহন করা দেশীয় তৈরি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

প্রাথমিকভাবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও পরে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি বোমাবিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন

কমিটির তথ্য অনুযায়ী, বোমা বহনকারী এক নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে প্রবেশমুখে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। তখনই বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নিরাপত্তারক্ষী, বোমা বহনকারী নারী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

মস্কো পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যু ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়। ঘটনার পরপরই সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে রেস্তোরাঁয় প্রবেশ বন্ধ করে দেয়।

কর্তৃপক্ষ এখনো নিহত বা আহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি। কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

এদিকে টেলিগ্রামভিত্তিক পর্যবেক্ষণ চ্যানেল ‘অ্যাস্ট্রা’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে রাশিয়ার এক সামরিক জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং রুশ কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission