এবার জেন-জি বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:২৫ পিএম


এবার জেন-জি বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ
প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছেন ফিলিপাইনের জেন-জিরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপালে সফল অভ্যুত্থানের পর এবার সরকার পতনের আন্দোলনে নেমেছেন এশিয়ারই আরেক দেশ ফিলিপাইনের জেন-জিরা (তরুণ প্রজন্ম)। সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে দেশটির রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে হাজারো মানুষ।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) কিলুসাং বায়ান কনট্রা-কুরাকট (কেবিকেক) অথবা দুর্নীতি বিরোধী আন্দোলন নামে জেন-জি নেতৃত্বাধীন প্লাটফর্ম ম্যানিলার লুনেটা ন্যাশনাল পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখান থেকে তারা প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। খবর এপির।

বিক্ষোভকারীদের কেউ কেউ মারকোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের কাগজের প্রতিমূর্তি বহন করছিলেন, যেখানে তাদেরকে ‘দুর্নীতিগ্রস্ত কুমির’ হিসেবে চিত্রিত করা হয়। অনেকের হাতে ছিল ‘মারকোস পদত্যাগ করো’; ‘সব দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহির আওতায় আনতে হবে’— এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড।

বিজ্ঞাপন

বিক্ষোভের আয়োজকদের দাবি, রোববারের বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ছিল ২০ হাজারেরও বেশি।

এটি সাম্প্রতিক সময়ে ট্রিলিয়ন-পেসো কেলেঙ্কারি ঘিরে জনরোষের সর্বশেষ প্রকাশ। অভিযোগ অনুযায়ী, মারকোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদসহ প্রভাবশালী অনেকেই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তিতে ঘুষ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন—যেসব প্রকল্প হয় ত্রুটিপূর্ণ ছিল অথবা কখনোই বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি দুটি ভয়াবহ টাইফুনে ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়—যা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

এই কেলেঙ্কারির জেরে এরই মধ্যে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মামলায় অভিযুক্ত সাবেক আইনপ্রণেতা জালদি কো অভিযোগ করেছেন, বাজেট কমিটির প্রধান থাকার সময় প্রেসিডেন্ট মারকোস নিজেই তাকে সন্দেহজনক জনপরিকল্পনা প্রকল্পে ১.৭ বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ যুক্ত করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

তবে, প্রেসিডেন্ট মারকোস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission