দুর্নীতির দু’মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত। আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর বেগম জিয়াকে অবশ্যই আদালতে হাজির থাকতে বলেছেন বিচারক। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদকে জেরা করেন খালেদার আইনজীবী।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য ১৭ নভেম্বর পরবর্তী দিন ঠিক করেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতে বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে দু’ মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে হাজির হন বেগম জিয়া। দুপুর সোয়া ১২টায় দু’ মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বাসার পথে রওয়ানা হন তিনি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।
দুর্নীতির ওই দু’ মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
এইচটি/এমকে




