আধুনিক নাগরিক জীবনে বাথরুম কেবল একটি প্রয়োজনীয় স্থান নয়, বরং এটি মানসিক প্রশান্তি ও ব্যক্তিগত প্রাইভেসিরও প্রতীক। তবে শহুরে ফ্ল্যাট বা ছোট বাড়িতে বাথরুমের জন্য বরাদ্দ জায়গা থাকে খুবই সীমিত। জায়গার অভাবে অনেক সময় বাথরুম অগোছালো ও ঘিঞ্জি দেখায়, যা ব্যবহারের আরাম কমিয়ে দেয়।
স্থপতিদের মতে, সঠিক পরিকল্পনা ও কিছু সহজ কৌশল অবলম্বন করলে খুব ছোট বাথরুমকেও ভিজ্যুয়ালি বড়, উজ্জ্বল ও আরামদায়ক দেখানো সম্ভব। তরুণ স্থপতি সাইফুর রহমানের পরামর্শ অনুযায়ী, ছোট বাথরুমকে বড় দেখানোর জন্য টাইলস ও রঙের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাথরুম বড় দেখানোর প্রধান শর্ত হলো হালকা রঙের টাইলস নির্বাচন করা। সাদা, ক্রিম বা অন্য যেকোনো হালকা শেডের টাইলস আলো প্রতিফলিত করে, ফলে জায়গাটি অনেক বেশি প্রশস্ত মনে হয়। রঙের পাশাপাশি টাইলসের আকারের দিকেও খেয়াল রাখা জরুরি। ছোট বাথরুমে বড় আকারের টাইলস ব্যবহার করলে জোড়া বা গ্রাউটিং লাইন কম দেখা যায়, যা পুরো বাথরুমকে একটি নিরবচ্ছিন্ন ও বড় আকৃতির রূপ দেয়।
এছাড়া দেয়াল ও সিলিংয়ের টাইলসের নকশায় একতা বজায় রাখা প্রয়োজন। বিপরীতধর্মী বা খুব গাঢ় নকশার পরিবর্তে একই শেড বা কাছাকাছি নকশার টাইলস ব্যবহার করলে দৃষ্টির বাধা কমে এবং জায়গাটি বড় মনে হয়।
বাথরুমের ফিটিংস বা সরঞ্জামের রঙের সঙ্গে টাইলসের সামঞ্জস্য রাখাও একটি কার্যকরী কৌশল। টাইলসের রঙের সঙ্গে মিল রেখে ফিটিংস নির্বাচন করলে বাথরুমের ভেতর আলাদা কোনো ভিজ্যুয়াল বর্ডার তৈরি হয় না।
উদাহরণস্বরূপ, সাদা টাইলসের সঙ্গে হালকা বা নরম শেডের ফিটিংস এবং হালকা গোলাপি বা প্রবাল রঙের টাইলসের সঙ্গে সোনালি বা সামান্য গাঢ় শেডের ফিটিংস বাথরুমে আভিজাত্য ও প্রশস্তি নিয়ে আসে।
পরিশেষে, বাথরুমকে ছিমছাম রাখতে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলা এবং স্টোরেজের ক্ষেত্রে সৃজনশীল হওয়া প্রয়োজন। দরজার ওপর ছোট ক্যাবিনেট বা ভাঁজযোগ্য স্টোরেজ ব্যবহার করে মেঝের জায়গা খালি রাখলে বাথরুম অনেক বেশি খোলামেলা দেখায়।
এই সহজ কৌশলগুলো মেনে চললে সামান্য খরচ ও সাধারণ পরিবর্তনেই আপনার ছোট বাথরুমটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় ও আরামদায়ক।
আরটিভি/এএইচ





