চীনে ৯ কোটি কমিউনিস্টকে ধর্ম ছাড়ার নির্দেশ

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ , ০৯:২১ এএম


চীনে ৯ কোটি কমিউনিস্টকে ধর্ম ছাড়ার নির্দেশ

চীনে কমিউনিস্ট পার্টির সব সদস্যকে ধর্ম ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ৯ কোটি।

বলা হয়েছে, কোনো সদস্য এই নির্দেশ মানতে ব্যর্থ হলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। দেশটির ধর্মবিষয়ক প্রশাসনের পরিচালক ওয়াং জুওয়ান সম্প্রতি এই নির্দেশ দেন। খবর :টাইমস অব ইন্ডিয়া।

বুধবার চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ধর্মে বিশ্বাসী নয়। তবে দেশটির সংবিধানে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার অনুমতি দেয়া আছে। দলটির ম্যাগাজিনের সবশেষ সংস্করণে ধর্মবিষয়ক প্রশাসনের পরিচালক ওয়াং জুওয়ান বলেছেন, দলের সদস্যদের ধর্মীয় বিশ্বাস থাকা উচিত নয়। তাদের হতে হবে মার্ক্সবাদে পুরোপুরি বিশ্বাসী এবং নাস্তিক।

দলের নিয়ম-নীতির প্রতি অনুগত ও দলীয় বিশ্বাসের প্রতি অবিচল থাকতে হবে। কোনো সদস্যই ধর্মীয় বিশ্বাস এবং মতাদর্শ লালনের অনুমতি পাবে না। ওয়াং জুওয়ানের এই নির্দেশ দলের ধর্মবিষয়ক নীতিমালার সঙ্গে খাপ খাচ্ছে না। কমিউনিস্ট পার্টি নিজেরা ধর্মপন্থি না হলেও প্রতিটি নাগরিকের ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে তাদের কোনো বিধিনিষেধ নেই। তারা নাগরিকদের নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করতে দিতে আগ্রহী।

অবশ্য ওয়াং জুওয়ান তার নির্দেশের ব্যাখ্যাও দিয়েছেন দলীয় ম্যাগাজিনে। তিনি বলেন, কিছু বিদেশি শক্তি দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মকে ব্যবহার করে চরমপন্থা ছড়িয়ে দিচ্ছে এবং ধর্মীয় কর্মকাণ্ড অবৈধভাবে পরিচালনা করছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বৈচিত্র্যের নামে ধর্মবিষয়ক কোনো কাজে দলের সদস্যরা সমর্থন ও জড়িয়ে পড়তে পারবেন না।

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission