‘পুতিনকে ভালুকের হাত থেকে বাঁচিয়ে’ অবিশ্বাস্য পদোন্নতি দেহরক্ষীর 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মে ২০২৪ , ০৮:১৩ পিএম


‘পুতিনকে ভালুকের হাত থেকে বাঁচিয়ে’ অবিশ্বাস্য পদোন্নতি দেহরক্ষীর 
ফাইল ছবি

নিজের সাবেক দেহরক্ষী আলেক্সি ডিউমিনকে স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোনা যায়, পুতিনকে একবার ভালুকের হাত থেকে বাঁচিয়েছিলেন ডিউমিন। এরপর থেকেই একের পর এক পদোন্নতি হতে থাকে তার।

বুধবার (২৯ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে ৫১ বছর বয়সী ডিউমিনকে নিয়োগ দিয়েছেন পুতিন।

মূলত রাশিয়ার ‘কৌশলগত লক্ষ্য এবং দেশি-বিদেশি নীতি’ নির্ধারণে কাজ করে স্টেট কাউন্সিল। ক্রেমলিন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতাদের যোগসূত্র হিসেবেও কাজ করে সংস্থাটি।

এর আগে, ডিউমিনকে রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নরের পদ থেকে প্রেসিডেন্টের সহযোগী হিসেবে ক্রেমলিনে স্থানান্তরিত করা হয়। চলতি মাসে পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পরপরই এই উদ্যোগ নিয়েছিলেন পুতিন। তারও আগে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান ডিউমিন।

জানা যায়, ১৯৯৯ সাল থেকে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন ডিউমিন। ধীরে ধীরে হয়ে ওঠেন তার সবচেয়ে ঘনিষ্ঠ দেহরক্ষীদের একজন। দাবি করা হয়, পুতিনকে একবার ভালুকের হাত থেকে বাঁচিয়েছিলেন ডিউমিন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আইস হকি খেলেন, এমন হাতেগোনা কয়েকজন কর্মকর্তার মধ্যেও তিনি একজন।

একসময় রাশিয়ার জিআরইউ মিলিটারি ইন্টেলিজেন্সের বিশেষ অপারেশন বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিউমিন। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সামরিক দলের। ইউক্রেনে রুশ আগ্রাসনে ভূমিকার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন আলেক্সি ডিউমিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission