সংহতি, মৈত্রী ও সম্প্রীতির মধ্য দিয়ে পাহাড়ে ঈদ উদযাপিত হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৬:৪৭ পিএম


সংহতি, মৈত্রী ও সম্প্রীতির মধ্য দিয়ে পাহাড়ে ঈদ উদযাপিত হবে: পার্বত্য মন্ত্রী দীপ
ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে। ছবি: আরটিভি

পবিত্র ঈদ উল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সংহতি, মৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে উদযাপনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গামাটি শহরের মাতৃমঙ্গল এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের উদ্যোগে আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, তেলসহ প্রায় আট প্রকারের নিত্যপ্রয়োজনীয় ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রী বলেন, পাহাড়ে যেমন উৎসবমুখর পরিবেশে বিজু, দুর্গাপূজা উদযাপিত হয়, তেমনি পারস্পরিক শ্রদ্ধা, আনন্দ ও সম্প্রীতির আবহে পবিত্র ঈদ উল ফিতরও উদযাপিত হবে এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসনকে এ বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই সম্প্রীতির পরিবেশ ব্যাহত না হয়। আমাদের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করারও এক মহৎ উপলক্ষ। সকল সামাজিক ও ধর্মীয় উৎসব যেন পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন হয়ে ওঠে, সেই দৃষ্টান্ত স্থাপন করবে ঈদ উল ফিতর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী সাহাব উদ্দিন, হাফেজ মো. আবছার উদ্দিন আজহারী, বিএনপি নেতা মানস মুকুর চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission