ঈদুল আজহা: যাত্রীদের জরুরি বার্তা বাংলাদেশ রেলওয়ের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১২:৪৫ পিএম


ঈদুল আজহা: যাত্রীদের জরুরি বার্তা বাংলাদেশ রেলওয়ের
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ট্রেনের টিকিট কিনে প্রতারণা থেকে সতর্ক থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকিট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট সংগ্রহের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করাই নিরাপদ। একই দিন থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে অ্যাপে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অসাধু চক্র ট্রেনের টিকিট নিশ্চিত করে দেওয়ার নামে যাত্রীদের প্রতারণা করছে। বাস্তবে তাদের কাছে টিকিটের কোনো নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে তারা বিকাশ, নগদ কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে ফেলে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন নিবন্ধিত ব্যবহারকারী নির্ধারিত অ্যাপের মাধ্যমে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এ সময় সহযাত্রীদের নামও সিস্টেমে ইনপুট যুক্ত করা বাধ্যতামূলক। ঈদ উপলক্ষে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং সরকারি অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট বিক্রির সুযোগ নেই। তাই অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকিট কিনলে প্রতারণার ঝুঁকি রয়েছে।

যে ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কাটা হবে, ভ্রমণের সময় তাকে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইডিধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই টিকিটে ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কেউ যদি অন্যের আইডি ব্যবহার করে টিকিট বিক্রির চেষ্টা করে বা টিকিট সংগ্রহের নামে প্রতারণার প্রস্তাব দেয়, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে কিংবা রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের সহায়তা নেওয়া যাবে। পাশাপাশি অভিযোগ জানাতে রেলওয়ের হটলাইন ১৩১ নম্বর চালু রয়েছে ।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission