রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা বসে থাকব না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চাঁদপুর, আরটিভি নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৯:৩৬ পিএম


রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা বসে থাকবো না: প্রধানমন্ত্রী
চাঁদপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা বসে থাকবো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২২ জেলার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

তিনি বলেছেন, রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা কেউ বসে থাকবো না।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পূর্বে সারাদেশে আমি গিয়েছি। তখন মা- বোনদের বলেছি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি এবং ধীরে ধীরে ৪ কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেয়া হবে। বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, সরকার গঠনের পরপরই আমরা এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে চাঁদপুরে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্ড বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে আপনারা সবাই এই কার্ড পাবেন।

তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র ফ্যামিলি কার্ডই দেবো না। কারণ এই দেশে সবচাইতে বেশি সংখ্যা হচ্ছে কৃষক। আমরা কৃষকদের কৃষিকার্ড দেবো। এটি পেলে কৃষকরা উপকৃত হবে। 

তারেক রহমান বলেন, আগামী যে বাজেট। সেই বাজেটে আমরা শিক্ষার ওপর সবচাইতে বেশি বরাদ্দ রেখেছি। এই বরাদ্দ থেকে দেশের যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো প্রয়োজন তা করা হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে করে আগামী প্রজন্মকে ভালোভাবে পাঠদান করতে পারে। 

প্রধানমন্ত্রী এ সময় চাঁদপুর জেলায় একটি ইপিজেড করার ব্যবস্থা করতে বিডার চেয়ারম্যান আশিকুর রহমানকে নির্দেশ দেন। তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই করে এটি বাস্তবায়ন হলে যেমন চাঁদপুর জেলার লোকজনের কর্মসংস্থান হবে, পাশাপাশি অন্য জেলার লোকজনও কাজ পাবে।

অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission