পুলিশে আসছে বিশাল নিয়োগ

আরটিভি নিউজ  

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:২৮ পিএম


পুলিশে আসছে বিশাল নিয়োগ
ছবি: সংগৃহীত

দেশে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি সম্পূর্ণ পেশাদার বাহিনীতে রূপান্তর করা। একই সঙ্গে দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই। সেটিরই অংশ হিসেবে বর্তমান সরকার ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না।’

আরও পড়ুন

আইন-শৃঙ্খলার পাশাপাশি দুর্নীতি দমনের বিষয়েও সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কীভাবে প্রতিবছর এই দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যেকোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক কিংবা টুঁটি চেপেই হোক—যেকোনো উপায়ে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

সাধারণ মানুষের নিরাপত্তাকে সরকারের পবিত্র দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। একজন কৃষক, শ্রমিক, শিক্ষক, ছোট ব্যবসায়ী—যে-ই হোক না কেন, প্রত্যেক মানুষ চায় দিনশেষে নিরাপদে বাড়ি ফিরতে এবং পরিবার নিয়ে নিরাপদে চলাফেরা করতে। জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং সম্মান করি। জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে রাষ্ট্র ও সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক আর নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়।’

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission