প্রথমবারের মত পাটের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৩:০৬ এএম


প্রথমবারের মত পাটের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার
কৃষক ও পাট। ছবি: সংগ্রহীত

ন্যায্যমূল্য নিশ্চিত করতেই প্রথমবারের মত পাটের দাম নির্ধারণ করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। চলতি মৌসুম থেকেই সোনালি আঁশ পাটের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির।

বুধবার (৫ আগস্ট) রাতে তিনি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার আমরা ‘পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা (২০২৬-৩১)’ নিয়ে অংশীজনদের সঙ্গে একটি বৈঠক করেছি। বৈঠকে সবার মতামতের ভিত্তিতে পাটের দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, তার আলোকে খুব শিগগিরই অধিদপ্তর থেকে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় সেই প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত দাম নির্ধারণ করে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবে।

নূরুল বাসির জানান, গত বছর কৃষক দাম ভালো পেয়েছিল। সে কারণে এবার একটু বেশি আবাদ করেছে। মঙ্গলবারের সভায় বিভিন্ন প্রস্তাব এসেছে। সর্বনিম্ন দাম মণপ্রতি ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব এসেছে। আর সর্বোচ্চ দাম ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত এসেছে। আমরা এই দর থেকে একটি দর ঠিক করে মন্ত্রালয়ে পাঠাব। মন্ত্রণালয় চূড়ান্ত করবে।

আরও পড়ুন

এদিকে দেশের বিভিন্ন জেলায় চলতি মৌসুমের নতুন পাট উঠতে শুরু করেছে। ফরিদপুরের বিভিন্ন হাট-বাজারে প্রতি মণ নতুন পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হওয়ার কথা বলেছেন ব্যবসায়ীরা।

এছাড়া অন্য পাট উৎপাদনকারী জেলা রাজবাড়ী, পাবনা, মাগুরা, কুষ্টিয়া, মাদারীপুর, যশোর, মেহেরপুর গোপালগঞ্জ ও ঝিনাইদহেও নতুন পাট উঠতে শুরু করেছে। দাম প্রায় একই ধরনের।

পাট অধিদপ্তরের মহাপরিচালক নূরুল বাসির বলেন, এখনও পাটের পুরো মৌসুম শুরু হয়নি। মাত্র কিছু উঠতে শুরু করেছে। অল্প কিছু বেচাকেনা হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission