রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৯:৫১ পিএম


রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতি
রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ। ছবি: আরটিভি

রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের আট ঘণ্টার বেশি রেলপথ অবরোধে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই দিনগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

রেলওয়ের দাবি, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া দুটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী-শিশু এবং বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধের ফলে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ভোগান্তির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আট ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission